স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে উদ্দেশ করে বলেছেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও বার্তায় এ চ্যালেঞ্জ জানান আসিফ মাহমুদ।
সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা অবৈধভাবে ফাইল অনুমোদন করেছেন। এর জবাবে আসিফ মাহমুদ বলেন, “শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা অবৈধভাবে ফাইল পাস করেছেন। কিন্তু প্রশ্ন হলো—কোন ফাইল? কারণ ফাইলে তো স্বাক্ষর থাকার কথা কাগজেই।”
তিনি আরও বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব বিদেশ সফরে বা অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব স্বাক্ষর করেন। সচিবের অনুমোদন ছাড়া কোনো ফাইল উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে যাওয়ার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ ব্যাখ্যা করেন, সচিবের অনুপস্থিতিতে উপ-সচিব, যুগ্ম-সচিব কিংবা অতিরিক্ত সচিবের মাধ্যমে ফাইল নিষ্পত্তির প্রক্রিয়া চলতে পারে। জরুরি জনস্বার্থের বিষয় হলে মন্ত্রী বা উপদেষ্টা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটি প্রশাসনিক বিধির মধ্যেই পড়ে।
তিনি বলেন, “চূড়ান্ত কর্তৃত্ব মন্ত্রী বা উপদেষ্টার। অন্যরা প্রশাসনিক প্রক্রিয়ার অংশমাত্র। তাই মন্ত্রী চাইলে অতিরিক্ত সচিবের ধাপও ওভাররাইড করতে পারেন। এটি অবৈধ নয়।”
সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সচিবকে গোপনে রেখে কিছু করা হয়েছে।
শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, “আমি শাহে আলমকে বলবো, এক্স্যাক্ট কোন ফাইল—সেটা স্পষ্ট করুন। ধোঁয়াশা রাখার কিছু নেই। কোনো ফাইল নিয়ে প্রশ্ন থাকলে আমি জবাব দিতে প্রস্তুত।”



