বিরোধিতার মধ্যে রেকর্ড ৩১ বিল পাস:
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আবারও ফিরছে নির্দলীয় প্রতীক। এ-সংক্রান্ত পৃথক চারটি বিল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধী দলের আপত্তি ও তীব্র বিতর্কের মধ্যেই এক দিনে রেকর্ডসংখ্যক ৩১টি বিল অনুমোদন দেয় সংসদ।
বিল পাসের পুরো প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে মাগরিবের নামাজের আগে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে জামায়াতে ইসলামী ও তাদের জোটের সংসদ সদস্যরা। তবে নামাজের পর তারা আবার অধিবেশনে যোগ দেন।
নতুন আইন অনুযায়ী, এখন থেকে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে দলীয় প্রতীক ছাড়া আগের মতো নির্দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান চালু করেছিল। তার আগে এসব নির্বাচন সবসময়ই নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো।
বিলগুলো পাস হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজন করা হবে বলে সংসদে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রশাসক নিয়োগ প্রসঙ্গে বিরোধী সদস্যদের আপত্তির জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওয়াকআউট নিয়ে বিতর্ক
‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদে এটি তাদের তৃতীয় ওয়াকআউট। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,
“বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে একাধিক গণবিরোধী বিল পাস হয়েছে। আমরা এর দায় নিতে চাই না, তাই ওয়াকআউট করছি।”
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল আইন পাসের সব ধাপে অংশগ্রহণ করেছে, এমনকি সমর্থনও জানিয়েছে। তাই ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং আশা প্রকাশ করেন, নামাজের পর তারা আবার অধিবেশনে ফিরবেন। পরে সত্যিই বিরতির পর বিরোধী সদস্যরা অধিবেশনে যোগ দেন। এ সময় জামায়াতের আমির প্রশ্ন তোলেন—ওয়াকআউট করা কি কোনো অপরাধ?
এক দিনে ৩১টি বিল পাসের রেকর্ড
গতকাল সংসদে মোট ৩১টি বিল পাস হয়, যা দেশের সংসদীয় ইতিহাসে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার সংশোধন বিলগুলোর পাশাপাশি ক্রীড়া, জ্বালানি, শ্রম, টেলিযোগাযোগ, ভূমি, মানবাধিকার, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, বন সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ খাত সংশ্লিষ্ট আইন।
সংসদ সচিবালয় জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম কার্যদিবসে এই রেকর্ড সৃষ্টি হয়েছে।
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল
এদিন অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে তাদের উপস্থিতির কথা জানিয়ে সংসদের পক্ষ থেকে স্বাগত জানান।



