tanaka
প্রচ্ছদজাতীয়দুপুরের আগেই ৪ জেলায় কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা

দুপুরের আগেই ৪ জেলায় কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত। দুর্যোগের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আগামী পাঁচ দিনের সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

উল্লেখ্য, গতকাল রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।