সৌদি আরবজুড়ে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে অভিযানে ১১ হাজার ২৭২ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে আরও ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।
সৌদি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা অংশ নেয়। এ সময়ে আটক হওয়া ৯ হাজার ৫৭৬ জনের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে রয়েছেন।
এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইয়েমেনি নাগরিক। পাশাপাশি কিছু ইথিওপিয়ানসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ১৩ হাজারের বেশি প্রবাসীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাকিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ২৬ হাজারের বেশি প্রবাসী আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছেন। পাশাপাশি অবৈধ অবস্থান বা পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অনুপ্রবেশ বা অবৈধ অবস্থানকে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অভিবাসন আইন বাস্তবায়ন আরও কঠোর করা হয়েছে এবং দেশজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।



