সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত চার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রত্যাহার হওয়া চারজন শাহবাগ থানায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময়। অভিযোগ রয়েছে, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী এবং দায়িত্ব পালনরত দুই সাংবাদিক পুলিশের মারধরের শিকার হন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থী নাঈম উদ্দীনের সহপাঠীরা শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তারা থানার সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবি উত্থাপন করেন। পরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত করেন।
মারধরের শিকার দুই সাংবাদিক হলেন—বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে লাঠি দিয়ে মারধর করছেন। পরবর্তীতে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।



