তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপদেষ্টা মাহদী আমিনকে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিনের অধীনে দেওয়া হয়েছে—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মাহদী আমিন এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দলের মুখপাত্র হিসেবেও দায়িত্বে ছিলেন। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে তিনি সম্পৃক্ত। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে মাহদী আমিন তার শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে তাকে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য করা হয়।
উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহদী আমিন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্বের অংশ হিসেবে শিক্ষা ও কর্মসংস্থান সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী ও জনগণের নেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং নেতার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও উল্লেখ করেন, ২০১১ সাল থেকে তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক পথচলা শুরু। বিভিন্ন সেক্টরের নীতিনির্ধারণী বিষয় ও বৃহত্তর রাজনৈতিক পরিসরে কাজ করার সুযোগকে তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। ২০১৮ সালে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং চলতি বছর দলের চেয়ারম্যান হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন—যা দেশের ইতিহাসে স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
মাহদী আমিন বলেন, গত এক যুগ ধরে উপদেষ্টা হিসেবে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি। দল, মত, পথ ও আদর্শ নির্বিশেষে সবার দোয়া কামনা করেন মাহদী আমিন।



