বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যায়।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতারা বলছেন, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না।’ এর আগে শেখ হাসিনাও একই ধরনের বক্তব্য দিতেন। তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালেও আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সনদের বাস্তবায়নের বিপক্ষে নয়। তবে গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিএনপি যেখানে একমত নয়, সেটি স্পষ্টভাবে জানিয়েছে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে আন্দোলন করার অধিকার সবার আছে। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের অগ্রগতির স্বার্থে সংঘাতের পরিবর্তে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।



