গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
লটারির ফল অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
বদলি কার্যক্রমের লটারি সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছিল।



