বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববারও সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, National Defence College (এনডিসি)-এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে কিউএমজি হিসেবে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া Military Institute of Science and Technology (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
১৯ পদাতিক ডিভিশনে কর্মরত মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি আটজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকেও বদলি করা হয়। ওই আদেশে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।



