ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে. এম মামুন অর রশিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, একটি মহল নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা পিআর পদ্ধতি চায়, যা এ দেশের মানুষ বোঝে না। আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৃষক দলের কমিটি গঠন করছি, যাতে ধানের শীষের ভোট কেউ চুরি করতে না পারে এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা যায়।
শনিবার (১৬ আগস্ট) বিকালে ইব্রাহিমপুর পালবাড়ি বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. নরু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে. এম মামুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।



