নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন। সংবিধান বিষয়ক এক বিশেষজ্ঞ বলেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে পরামর্শ করেছেন। তবে আলোচনার সংবেদনশীলতার কারণে ওই বিশেষজ্ঞ নাম প্রকাশ করতে চাননি।
তিনি আরও বলেন, “জেন-জি তাঁকে চায়। তাই সেটাই হবে। এবং আজই হবে।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্টের বাসভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পরপরই সুশীলার নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে এক জেন-জি সূত্র জানিয়েছে। তবে প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মুখপাত্রের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে গত সপ্তাহে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। গত সোমবার বিক্ষোভকারীদের আন্দোলন সহিংস রূপ নেয়। এতে অন্তত ৩৪ জন নিহত ও আরও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। দুই দিনের বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
তীব্র অস্থিরতার পর আজ শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলছে, রাস্তায় গাড়ি চলছে। পুলিশের হাতে আর আগের মতো আগ্নেয়াস্ত্র নেই, তাঁরা লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাসদস্যরাও মোতায়েন আছেন।
তবে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় কাঠমান্ডুসহ কয়েকটি শহরে জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। রাতেও কারফিউ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে।



