ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জমা দেওয়া আবেদনের ওপর নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শুরু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। এ উপলক্ষে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রথম দিনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১৮টি আসনের ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এসব আসন নিয়ে ইসিতে মোট ৮১১টি দাবি-আপত্তি জমা পড়েছে। এর মধ্যে ৪৩১টি খসড়া সীমানার বিরুদ্ধে এবং ৩৮০টি পক্ষে জমা পড়ে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা শুনানিতে উপস্থিত আছেন। কমিশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, শুধু কুমিল্লা-১ আসন থেকেই এসেছে ৩৯৭টি আবেদন। অন্যান্য আসনে আবেদনের সংখ্যা নিচে দেওয়া হলো:
- কুমিল্লা:
- কুমিল্লা-২: ১২৮টি
- কুমিল্লা-৬: ৮টি
- কুমিল্লা-৯: ২২টি
- কুমিল্লা-১০: ১০৩টি
- কুমিল্লা-১১: ১টি
- ব্রাহ্মণবাড়িয়া:
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৫টি
- ব্রাহ্মণবাড়িয়া-৩: ১২৪টি
- ব্রাহ্মণবাড়িয়া-৫: ২টি
- চাঁদপুর:
- চাঁদপুর-২: ৬টি
- চাঁদপুর-৩: ১টি
- ফেনী:
- ফেনী-৩: ১টি
- নোয়াখালী:
- নোয়াখালী-১ ও ২: ২টি
- নোয়াখালী-৪: ৭টি
- নোয়াখালী-৫: ১টি
- লক্ষ্মীপুর:
- লক্ষ্মীপুর-২ ও ৩: ২টি করে
খসড়া সীমানায় বড় পরিবর্তনসমূহ:
- কুমিল্লা-১: দাউদকান্দি ও তিতাসের পরিবর্তে দাউদকান্দি ও মেঘনা
- কুমিল্লা-২: হোমনা ও মেঘনার পরিবর্তে হোমনা ও তিতাস
- কুমিল্লা-১০: নাঙ্গলকোটের সঙ্গে মনোহরগঞ্জ যুক্ত, লালমাই লাকসামের সঙ্গে এবং সদর দক্ষিণ চৌদ্দগ্রাম (কুমিল্লা-১১)-এর সঙ্গে সংযুক্ত
- ব্রাহ্মণবাড়িয়া: বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২-তে স্থানান্তর
- নোয়াখালী:
- নোয়াখালী-১: সোনাইমুড়ী পৌরসভা ও বজরা ইউনিয়ন যুক্ত
- নোয়াখালী-২: বজরা ইউনিয়ন বাদ
- নোয়াখালী-৫: আশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন যুক্ত
সংশ্লিষ্ট অনেক আবেদনেই পূর্বের সীমানা বহাল রাখার দাবি জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।



