সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



