ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, একটি অস্ত্রোপচার ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সকালে তাকে মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (১৩ মে) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার বিভিন্ন মেডিকেল পরীক্ষাও চলছে।
চলতি বছরে এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ শনাক্ত হয় এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কাশিজনিত সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।



