tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি চাঁদনী!

সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি চাঁদনী!

বলিউড সুপারস্টার সালমান খানের প্রতি শৈশব থেকেই দুর্বলতা ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীর। প্রিয় নায়কের ছবি নিজের ঘরে টাঙিয়ে রাখা থেকে শুরু করে তাঁর সঙ্গে দেখা করার জন্য নানা চেষ্টা—সবই করেছিলেন কিশোরী বয়সে। এমনকি সালমান খানের সঙ্গে হাত মেলানোর পর বাড়ি ফিরে টানা সাত দিন সেই হাত না ধোয়ার স্মৃতিও সম্প্রতি তুলে ধরেছেন এই অভিনেত্রী।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমান খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই তাঁর ভক্ত হয়ে ওঠেন চাঁদনী। সেই সময় থেকে প্রিয় নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সালমান খানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছেন চাঁদনী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে।’ সাক্ষাৎকারে তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা ব্যক্তিদের উদ্দেশ্য করেও পোস্টটি দিয়েছেন বলে জানান অভিনেত্রী।

চাঁদনী জানান, ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে সালমান খানের আসার কথা শুনেছিলেন তিনি। খবরটি জানার পরই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন। কিন্তু পরে কোনো কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়েছিল তাঁর।

এরপর প্রিয় নায়কের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে থাকেন চাঁদনী। একসময় জানতে পারেন, সালমান খান বাংলাদেশে এসেছেন এবং ঢাকার শেরাটন হোটেলে অবস্থান করছেন। বর্তমানে হোটেলটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে পরিচিত।

খবরটি শোনার পর আর দেরি করেননি তিনি। মা, বান্ধবী সাদিয়া ইসলাম ও ফটোগ্রাফার মহসিন ভাইকে সঙ্গে নিয়ে চলে যান হোটেলে। প্রথমে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা চেষ্টায় সালমান খানের কক্ষে যাওয়ার সুযোগ পান।

সেই স্মৃতি স্মরণ করে চাঁদনী বলেন, কক্ষে গিয়ে দেখেন, সালমান খান একাই রয়েছেন। অনুমতি নিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তখন স্কুলে পড়তেন চাঁদনী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার সেই মুহূর্তটি আজও তাঁর স্মৃতিতে অমলিন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সালমান খান তাঁর নাম জানতে চেয়েছিলেন। পরে অটোগ্রাফ দেওয়ার সময় লিখেছিলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’ প্রিয় তারকার সেই কথোপকথন ও তাকানোর ভঙ্গি আজও মনে গেঁথে আছে বলে জানান তিনি।

তবে সেই সাক্ষাতের সবচেয়ে মজার স্মৃতি হলো, সালমান খানের সঙ্গে হাত মেলানোর পর টানা সাত দিন নিজের হাত ধোননি চাঁদনী!

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সালমান খানের সঙ্গে যতক্ষণ ছিলেন, ততক্ষণ তাঁর হাত ধরে রেখেছিলেন। বাড়ি ফিরে সাত দিন সেই হাত না ধোয়ার বিষয়টি ছিল কিশোরী বয়সের আবেগ ও পাগলামি। প্রিয় তারকার প্রতি তীব্র ভালোবাসা থেকেই এমনটা করেছিলেন তিনি।

চাঁদনী আরও জানান, সালমান খানের প্রতি তাঁর ভালো লাগা এতটাই গভীর ছিল যে নিজের ঘরের বিভিন্ন জায়গায় প্রিয় নায়কের ছবি টাঙিয়ে রাখতেন। শৈশবের সেই উন্মাদনার কথা মনে করে এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

প্রিয় তারকার সঙ্গে দেখা করার সেই স্মৃতি আর সাত দিন হাত না ধোয়ার গল্প—সব মিলিয়ে চাঁদনীর জীবনের বিশেষ এক অধ্যায় হয়ে আছে সালমান খানের সঙ্গে সেই সাক্ষাৎ।