বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা সালমান খানের। সম্প্রতি তার একটি মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিংয়ে বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরের পর এবার তার জিমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ে নয়, দিল্লিতে সালমান খানের জিমের একটি শাখায় এ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় অবস্থিত জিমটির প্রথম তলায় আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে জিমে থাকা সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
জানা গেছে, গ্রেটার কৈলাশ-১-এর এই ব্যায়ামাগারটি সালমান খানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। শরীরচর্চার প্রতি বরাবরই সচেতন অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে তার সুঠাম শরীর ও শার্টলেস অবতার ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ষাটের কোঠায় পা দিয়েও পর্দায় নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন সালমান। বিভিন্ন চরিত্রের প্রয়োজনে কখনো ওজন কমিয়েছেন, আবার কখনো শারীরিক গঠনে বড় পরিবর্তন এনেছেন। নতুন সিনেমার প্রস্তুতিতেও নিয়মিত জিমে সময় দিচ্ছেন তিনি।
এর মধ্যেই সম্প্রতি সালমানের আসন্ন দক্ষিণী সিনেমার শুটিংয়ে তার বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে সালমানকেই অংশ নিতে হচ্ছে বলে জানা গেছে।
তবে দিল্লির জিমে অগ্নিকাণ্ডের ঘটনায় সালমান খান বা তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



