যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। কোন কোন কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে, তা জানিয়ে শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা প্রকাশ করে দূতাবাস।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নির্ধারিত অধ্যয়ন কর্মসূচি থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।



