সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান, আনিসুল হকসহ চারজনকে একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্য আসামিরা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।
ওইদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। বিকেলে সমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে তিনি আহত হন। একটি গুলি তার ডান কানের পাশে বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিন মোল্যাকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়।



