সরকারের নির্দেশনা অমান্য করে সার মজুত করার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে এক জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২।
স্থানীয় সূত্র জানায়, রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার ওই গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের দায়ে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত থাকা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।



