ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।
এর আগে গত ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রানা রায় সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরান হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
শুনানি শেষে আদালত ইমরান হোসেনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ছালেমান পায়ে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে। পরে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মানি লন্ডারিং মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।



