tanaka
প্রচ্ছদরাজনীতিসাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দল

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দল

সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগের ছয় দফার সঙ্গে এবার ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধ’ করার দাবিটি যুক্ত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, তেল সংকটের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বিভিন্ন ব্যবসা ও শিল্পে পড়তে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

হামিদুর রহমান আজাদের দাবি, জ্বালানি সংকটের কারণে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে দেশে সারসংকট তৈরি হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের চাপের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বর্তমানে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। তার দাবি, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ের অংশ হিসেবেই ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।