ইসলামি ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারছে না কেন—এর অন্যতম প্রধান কারণ হিসেবে মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামি অর্থব্যবস্থার বিশেষজ্ঞ মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
তার মতে, ইসলামি আর্থিক ব্যবস্থার প্রকৃত লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট ব্যক্তি ও সামগ্রিক সমাজের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কেবল প্রচলিত আর্থিক ব্যবস্থার কাঠামো বদলে দিলেই ইসলামি অর্থব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
সম্প্রতি একটি পডকাস্টে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুফতি তাকি উসমানি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ইসলামি ফাইন্যান্স বা আর্থিক ব্যবস্থার কোন বিষয়টি তিনি সবার আগে পরিবর্তন করতে চান।
জবাবে তিনি বলেন, পরিবর্তনের জন্য একাধিক বিষয় রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় হলো মানসিকতার পরিবর্তন—‘চেঞ্জ অব মেন্টালিটি’।
মুফতি তাকি উসমানি বলেন, ইসলামি আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি পুরো সমাজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। শুধু প্রচলিত ব্যবস্থার কাঠামো পরিবর্তন করলেই ইসলামি অর্থব্যবস্থার প্রকৃত উদ্দেশ্য অর্জিত হবে না।
তার বক্তব্য অনুযায়ী, ইসলামি ফাইন্যান্সের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাচেতনায় মৌলিক পরিবর্তন না এলে এ ব্যবস্থার মূল লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। তাই কাঠামোগত সংস্কারের পাশাপাশি মানসিকতার পরিবর্তনকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।



