tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদিতে অভিযানে আটক, এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী ফেরত

সৌদিতে অভিযানে আটক, এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী ফেরত

সৌদি আরবে আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে আবাসন আইন ভঙ্গ, ৩ হাজার ৭৮৩ জনের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং ৩ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে শ্রম আইন ভাঙার অভিযোগ রয়েছে।

এ ছাড়া অবৈধ পথে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টাকালে ২৫ জনকেও আটক করা হয়।

অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া কিংবা তাদের কাজে সহযোগিতা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ও সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে বর্তমানে ৩০ হাজারেরও বেশি প্রবাসীকে নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে সৌদি প্রশাসন। কর্তৃপক্ষের সতর্কবার্তা অনুযায়ী, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা কিংবা আইন ভঙ্গকারীকে আশ্রয় দেওয়ার ঘটনায় সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

সূত্র: গালফ নিউজ।