চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।
গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আরিফ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। সরকারবিরোধী তৎপরতা চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।
সাতকানিয়া থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।



