tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

মিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৭টা ৩৮ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে, রাত ৭টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ১৩ মিনিটের চেষ্টায় রাত ৭টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।