tanaka
প্রচ্ছদসারাদেশনাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুখোশধারী এক যুবকের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদরাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশ সদস্যরা।

এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে আগে অবগত ছিলেন না। কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পেরেছেন। কী ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।