গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের রেফার্ড পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২ ডিসেম্বর অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে তাঁকে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। তবে নানা সমস্যা সত্ত্বেও পরীক্ষা নেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জে পরীক্ষা আয়োজনের উদ্বেগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুই লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, জানি না কতজন পাস করবে। তার মধ্যে আবার সমস্যা রয়েছে। গোপালগঞ্জ জেলায় পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিনাতিপাত করছি। তারপরও পরীক্ষা নিচ্ছি আমরা।’
রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যেন বছরের পর বছর অপেক্ষায় না থাকে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন শিক্ষাজীবনের বাইরে থাকলে কেউ কেউ মাদক কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। সরকার এমন পরিস্থিতি এড়াতে চায়।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২ ডিসেম্বর রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। পুনর্নিরীক্ষণের ফলও প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে তিনি বলেন, অতীতে যথাযথ পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও শিক্ষার সুযোগ তৈরিতে ভারসাম্যের অভাব দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ভবনের বেহাল অবস্থার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে সলিমুল্লাহ হলের বিল্ডিং ভেঙে পড়েছে, খোঁজ নেওয়ার লোক নেই। এটি ছিল বিগত সময়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নতুন বিষয় চালুর ক্ষেত্রেও পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এমন কলেজও রয়েছে, যেখানে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী। কোথাও বিষয় খোলা হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থী নেই। আবার কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শিক্ষক নেই।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। কোথাও অনার্স কোর্স চালু করা হয়েছে, কিন্তু শিক্ষার্থী নেই; আবার কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শিক্ষাপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষার পরিকল্পনায় সমন্বয় প্রয়োজন।
পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলেও পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এ বিষয়ে শিক্ষকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় আমরা খাতা নিয়ে পরীক্ষা করেছি। ৪২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই তো দেখেছিল। পুনর্নিরীক্ষণের ফলে যদি এত গ্রেড পরিবর্তন হয়, তাহলে শিক্ষকদের এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?’
শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষা মন্ত্রণালয় ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার দায় রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হোক, তা সরকার চায় না। শিক্ষকদের যৌক্তিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে বলে জানান তিনি।
শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তাঁদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
তবে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাস বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলনে রাজপথে না আসার আহ্বান জানান তিনি।



