tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্যআবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৮০৮ টাকা। ফলে এ মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এর আগেও ৬ নভেম্বর একই পরিমাণ দাম কমানো হয়। ফলে ধারাবাহিকভাবে কয়েক দফায় স্বর্ণের দাম কমানোর পর বৃহস্পতিবার আবারও মূল্য সমন্বয় করা হলো।

তবে নভেম্বরের শুরুতে স্বর্ণের বাজারে ছিল উল্টো চিত্র। গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।