৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন দিয়েছে সরকার। তাঁদের বিভিন্ন বিভাগে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা গত ৫ ফেব্রুয়ারি ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথাযথ পদে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া যোগদানের সঙ্গে সঙ্গে তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।



