tanaka

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ১...
প্রচ্ছদজাতীয়সরোয়ার আলমগীরের এমপি পদ চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

সরোয়ার আলমগীরের এমপি পদ চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লিভ টু আপিলের আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্যও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ওই দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

অভিযোগের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। পরে ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরবর্তী সময়ে চূড়ান্ত রায়ে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতে যাওয়ার অনুমতি চেয়ে লিভ টু আপিল করেছেন মুহাম্মদ নুরুল আমীন। আবেদনে তিনি হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।

এখন লিভ টু আপিলের শুনানির পরই পরবর্তী আইনি পদক্ষেপ ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের অবস্থান নিয়ে বিষয়টি আরও স্পষ্ট হবে।