tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসবুজ হওয়ার ঘটনার পর খুলনায় কমেছে গরুর মাংস বিক্রি

সবুজ হওয়ার ঘটনার পর খুলনায় কমেছে গরুর মাংস বিক্রি

খুলনার পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে মাংসের বাজারেও। অনেক এলাকায় আগের তুলনায় গরুর মাংস বিক্রি কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য গরুর মাংস কেনেন। রান্নার সময় মাংসের রং সবুজ হয়ে যায়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

রোববার (২৬ জুলাই) খুলনার বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে এমনিতেই বিক্রি কম ছিল। এর মধ্যে পাইকগাছার ঘটনায় ক্রেতাদের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হওয়ায় গরুর মাংস বিক্রি আরও কিছুটা কমেছে। অনেক ক্রেতা মাংস কেনার আগে নানা প্রশ্ন করছেন, আবার কেউ কেউ সন্দেহের কারণে মাংস না কিনেই ফিরে যাচ্ছেন।

ময়লাপোতা মোড়ের মাংস ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, বৃষ্টির কারণে আগে থেকেই মাংসের বিক্রি কম ছিল। পাইকগাছার ঘটনার পর ক্রেতারা মাংস নিয়ে নানা প্রশ্ন করছেন। এমন ঘটনা তিনি আগে কখনো শুনেননি। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নতুন বাজারের ব্যবসায়ী ফারুক শেখ বলেন, নগরীতে গরু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে এবং অসুস্থ পশু জবাইয়ের সুযোগ নেই। কোনো ব্যবসায়ীও খারাপ মাংস বিক্রি করে ক্রেতা হারাতে চাইবেন না। তবে গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনার প্রভাব বাজারে পড়েছে। প্রকৃত কারণ জানা গেলে ক্রেতাদের আতঙ্কও কমবে বলে মনে করেন তিনি।

চাকরিজীবী ফরহাদ হোসেন বলেন, খাবারে ভেজাল ও নানা ধরনের অনিয়মের খবরের কারণে এমন ঘটনায় মানুষের মনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। মাংস সবুজ হয়ে যাওয়ার কারণ রাসায়নিক ব্যবহার, সংরক্ষণ পদ্ধতি বা অন্য কোনো কারণে হয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত। এ কারণে তিনি গত শুক্রবার গরুর মাংস কেনেননি।

নতুন বাজারে আসা গৃহিণী শাকিরুন আক্তার বলেন, আগে মাসে দুই-তিনবার গরুর মাংস কিনতেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মাংস রান্নার পর সবুজ হয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর এখন মাংস কিনতে ভয় লাগছে। পরিবারের সদস্যরাও আপাতত গরুর মাংস না কেনার পরামর্শ দিচ্ছেন।

খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরই মধ্যে কাঁচা ও রান্না করা—দুই ধরনের মাংসের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। আলোচনা করে পরীক্ষার জন্য নির্ধারিত ল্যাবে নমুনা পাঠানো হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। মাংস সবুজ হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। বিষয়টি তদন্তে কাজ চলছে।