জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন ও নিবেদিত। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে থাকবেন।
শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ প্রকাশিত খালেদা জিয়াকে নিয়ে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমন। স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং সংগঠনের সমন্বয়ক সাদমান সাকিব।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বর্ষপঞ্জিতে আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণ করা খালেদা জিয়ার বিভিন্ন সময়ের আলোকচিত্র এবং ‘ছবির গল্প’ টিমের লেখনীর মাধ্যমে তার রাজনৈতিক ও ব্যক্তিজীবনের ১২টি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে ‘ছবির গল্প : সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন প্রচারণার বিপরীতে তথ্যভিত্তিক উপস্থাপনা হিসেবে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীও আয়োজন করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের অন্যতম অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয়। তিনি বলেন, জনগণের ভালোবাসাই তাকে গণমানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। খালেদা জিয়াও সেই সময় তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি জিয়া পরিবারের রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্পিকার বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ‘ছবির গল্প’ টিমের সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা, দীপিকা বিনতে হোসাইনসহ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও ‘ছবির গল্প’ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।



