নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। প্রস্তাবগুলোর যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় এ বিষয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পে-কমিশনের এক সদস্য জানান, সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২১ হাজার টাকা। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সর্বোচ্চ বেতন স্কেল সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ও বিবেচনায় রয়েছে। এসব ভাতা কীভাবে নির্ধারিত হবে, তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেল নিয়ে কোনো চূড়ান্ত প্রস্তাব আসেনি।



