যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।
হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে এই সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি একটি ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের একটি স্থায়ী দলিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে সড়ক নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।
স্থানীয়দের মতে, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস এবং জাতীয় নেতৃত্বের অবদান সম্পর্কে আরও সচেতন হবে। এ অর্জনকে ঘিরে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তাদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান ঐক্য, প্রভাব ও রাজনৈতিক সক্ষমতার একটি শক্তিশালী প্রমাণ।



