জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূরুল ইসলাম মণিও বৈঠকে যোগ দেন।
বৈঠকের শুরুতে ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এতে সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



