কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-কে অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ।”
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর সংসদের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
স্পিকার বলেন, “মিস্টার আবদুল্লাহ (হাসনাত আবদুল্লাহ), এত অসহিষ্ণু হলে চলবে না। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। মৌখিক আলোচনার সুযোগ এখানে সীমিত। প্রয়োজনে নোটিশ দিন।”
তিনি আরও পরামর্শ দিয়ে বলেন, “আইনমন্ত্রীর বক্তব্য পূর্ণ বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রয়োজন হলে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনা যেতে পারে, যা সরকার বিবেচনা করবে।”
সংসদের পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। আমরা সবাই নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিরল সংসদ, বাংলাদেশের ইতিহাসে এমন সুযোগ আগে হয়নি।”



