সংসদে কার্যকর ভূমিকা রাখতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের (এমপি) প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৮ মে) বিকেলে অনুষ্ঠিত এক সভায় দলের নবনির্বাচিত নারী এমপিদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নারী এমপিদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের আরও দক্ষ করে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। পাশাপাশি জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, “গত ১৭ বছর মানুষ এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণ এখন সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।”
সভায় নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাদের ভূমিকা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
এসময় বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন বক্তব্য দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সূত্র: বাসস



