সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার শেষ করেছে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম চলে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আজই ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে থেকে উচ্চশিক্ষিত ও আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা আগেই হাইকমান্ডে জমা ছিল। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে নতুন করে কয়েকজন যোগ্য প্রার্থীর নাম উঠে এসেছে, যাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।
মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ও শনিবার দুই দিনে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় নারী নেত্রীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন তারা।
সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের কাছে জানতে চান—মনোনয়ন পেলে এবং না পেলে তারা কী করবেন। উত্তরে অধিকাংশ নেত্রী দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আহ্বান জানান। মনোনয়ন বোর্ডও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে।
শেষ দিনের সাক্ষাৎকারে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের অংশগ্রহণ ছিল। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।



