যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণ হওয়ায় ইরান কেবল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।” তার দাবি, যুক্তরাষ্ট্র নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়েছে।
দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় স্থায়ী সমঝোতার চেষ্টা চললেও এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সঙ্গে বৈঠক করে। তবে সেই বৈঠক থেকেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।



