বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইনকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চায় সরকার। এ জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ চেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সব পক্ষের মতামত নিয়ে আইনটির খসড়া চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। আগে একজন বিদেশি বিনিয়োগকারীকে বিনিয়োগের অনুমতি পেতে ২০ থেকে ২৫টি দপ্তরে যেতে হতো। এতে অন্তত ছয় মাস সময় লাগত। এ জটিলতা কমাতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এখন অল্প কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে বিনিয়োগের পর অর্থ বা মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে অনেক বিদেশি বিনিয়োগকারীকে জটিলতার মুখে পড়তে হয়। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের দায়ের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতাসহ নানা বিষয় তাদের বিনিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি মনে করেন, বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব নয়।
বিদ্যমান আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তার বিবেচনায় আইনটি যথেষ্ট মানসম্মত হয়নি। এতে প্রচলিত আইনের বিভিন্ন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইনও এমনভাবে যুক্ত করা হয়েছে, যা মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত করতে পারে। এ কারণে বিদ্যমান আইনটি নতুন করে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কী ধরনের আইনি ব্যবস্থা প্রয়োজন, সে বিষয়ে অংশীজনদের সুনির্দিষ্ট মতামত চান মন্ত্রী।
প্রস্তাবিত বাণিজ্যিক আদালতের সংখ্যা ও অবস্থান সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর বাইরে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সীমিত পরিসরে আদালত প্রতিষ্ঠার মাধ্যমে বিচারকদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও নতুন আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
অংশীজনদের মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সভায় মৌখিক মতামতের পাশাপাশি প্রয়োজনে লিখিত সুপারিশও আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। আগামী ১০ দিনের মধ্যে সুপারিশ পাওয়া গেলে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী পরামর্শ সভার আগেই আইনের খসড়ায় প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি যতটা সম্ভব কার্যকর, আধুনিক ও বিনিয়োগবান্ধব হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ। অংশীজনদের সহযোগিতায় আইনটির চূড়ান্ত খসড়া তৈরি করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের লক্ষ্য রয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর ও রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রধান মার্কাস ডেভিস এবং নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বক্তব্য দেন।
সভায় ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৭’ শিরোনামে একটি প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়। এতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যায়ন তুলে ধরা হয়। পরে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর ও মতবিনিময়ে অংশ নেন।



