সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের ৮ অনুচ্ছেদে পুনরায় যুক্ত করা হবে। এটি বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলেও জানান তিনি।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সরকারের প্রধান অগ্রাধিকার। তবে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ম্যান্ডেট ও ইশতেহারের প্রতিশ্রুতিগুলোও সরকার ধারণ করবে।
যেসব অনুচ্ছেদে পরিবর্তনের সম্ভাবনা
গণভোটের প্রসঙ্গ তুলে কমিটির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। এর ফলে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে গণভোটের প্রয়োজন হতে পারে।
তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের অনুমোদনের জন্য গণভোট আয়োজন করতে হবে। সংসদে সংশোধনী বিল পাসের পর এ গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির প্রস্তাব
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় ভবিষ্যতে গণভোটের বাধ্যবাধকতা রাখার বিষয়ে বিএনপির একটি প্রস্তাবের কথাও জানান সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে, ভবিষ্যতে কোনো সংসদ যেন সহজে তা বাতিল করতে না পারে—এমন একটি সুরক্ষা ব্যবস্থা চাওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সাংবিধানিক অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে—এমন বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি।
ডিসেম্বরের মধ্যে রিপোর্ট, জানুয়ারিতে বিল
সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যেই বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে সংবিধান সংশোধনের একটি বিল প্রণয়ন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের প্রথম অধিবেশন অর্থাৎ জানুয়ারিতে বিলটি সংসদে উত্থাপন করা হতে পারে। এরপর বিলটির ওপর আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে সংসদে পাস হলে তা গণভোটে যাবে। জনগণের অনুমোদনের পরই সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে।



