প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জানান, সেদিন তাঁর মায়ের নিয়মিত ডায়ালাইসিস করার কথা ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরও কিছু জটিলতা শনাক্ত করলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং অবস্থা আশঙ্কাজনক।
পারিবারিক সূত্র জানায়, শিল্পীর চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ও নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় তাঁকে। এছাড়া তিনি রক্তে সংক্রমণ, নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ একাধিক রোগে আক্রান্ত।
গত জুলাইয়েও শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে কিছুদিন পর বাসায় ফিরেছিলেন তিনি।



