বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৬ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে ‘নতুন কৌশল অন্বেষণ : দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিয়া গোলাম পরওয়ার।
‘এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা : প্রাতিষ্ঠানিকীকরণের অগ্রযাত্রা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএআইএসের চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।
১৫ থেকে ১৭ মে পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও অংশ নেন।
এতে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ ড. তারেক আল-সুওয়াইদান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ও এসইআরআইয়ের চেয়ারম্যান নুরুল ইজ্জাহ আনোয়ার, তিউনিসিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ড. রফিক আবদুস সালাম, আইএআইএসের প্রধান নির্বাহী ড. সৈয়দ আজমান সৈয়দ আহমদ নাওয়াভীসহ বিভিন্ন দেশের ইসলামী নেতৃত্ব ও নীতিনির্ধারকরা।



