tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিরাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।

জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির নামে কেউ বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চাইলে জনগণ বসে থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুরসহ দেশের আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।

এরপর ল্যাপটপের বাটন চাপার সঙ্গে সঙ্গে চাঁদপুরসহ ২০ জেলার প্রায় ১৫ হাজার নারী সুবিধাভোগীর কাছে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেওয়া প্রতিটি কর্মসূচি দেশের খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার।

তিনি আরও বলেন, এখন দেশ গড়ার সময়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে অংশ নিতে হবে। কেউ যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যেতে হবে।

এ সময় চাঁদপুরে ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন দাবির প্রতি ইতিবাচক সমর্থনের কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু একটি মহল নানা বিতর্ক সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ফ্যামিলি কার্ড পাওয়া উপকারভোগী রুমা আখতার ও মনোয়ারা বেগম প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)