শুরুতেই দুশ্চিন্তার ছায়া—২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অনুশীলনেই নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিল জাতীয় দলকে।
ডান পায়ের কাফের চোটে ভুগছেন এই তারকা ফরোয়ার্ড। তার শারীরিক অবস্থা আরও নিখুঁতভাবে যাচাই করতে গতকাল অতিরিক্ত কিছু স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, মেডিক্যাল টিমের সূত্র বলছে, জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার নিজেই নেইমারকে ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার এমআরআই স্ক্যানও করা হয়।
গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে দলের ট্রেনিং ক্যাম্পে তিনি যোগ দিলেও এখনো চূড়ান্ত মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
সবকিছু মিলিয়ে আগামী রোববার পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এরপর ৫ জুন মিশরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
তবে চোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ৩৪ বছর বয়সী এই তারকা। মঙ্গলবার সান্তোসের ম্যাচ দেখার সময় চোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “কীসের সমস্যা?”
কার্লো আনচেলোত্তির অধীনে প্রথম অনুশীলনে নেইমার ছাড়াও অনুপস্থিত ছিলেন ডানহাতি ডিফেন্ডার দানিলো, যিনি আগের রাতে কোপা লিবের্তাদোরেসে ম্যাচ খেলেছেন।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে পিএসজির মার্কিনিওস এবং আর্সেনাল জুটি গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আগামী শনিবারের পর দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।



