দুর্গাপূজাকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল। দেবের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’ গানে আবারও একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে। গঙ্গাবক্ষে ধারণ করা গানটির ঝলক প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
গানটির কয়েকটি দৃশ্যের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দেব। সেখানে ইধিকার সঙ্গে তাকে রোমান্টিক ভঙ্গিতে দেখা যায়। পাশাপাশি গানটিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও দর্শকদের নজর কেড়েছেন।
এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের পর নতুন সিনেমার গানেও তাদের জুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ জানিয়েছে, আসন্ন দুর্গাপূজার উৎসবকে আরও জমজমাট করে তুলতেই আগেভাগে ‘ইলিশ চন্দনা’ প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
এদিকে গানটির পাশাপাশি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্ক নিয়েও সম্প্রতি আলোচনা চলছে। কয়েক দিন ধরে শুভশ্রীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছেন দেব। এর সূত্র ধরে তাদের পুরোনো প্রেমের বিষয়টিও আবার আলোচনায় এসেছে। তবে সমালোচকদের একাংশের ধারণা, ‘দেশু ৭’-এর প্রচারণার অংশ হিসেবেই এসব ছবি সামনে আনা হচ্ছে।
অন্যদিকে ‘ইলিশ চন্দনা’য় দেব-ইধিকার রসায়ন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ মনে করছেন, শুভশ্রীর তুলনায় ইধিকার সঙ্গে দেবকে বেশি মানিয়েছে।
তবে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচারে গানের মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে পূজার উৎসব। প্রতিষ্ঠানটির ভাষায়, ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি।’



