বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। এর মধ্যেই সোমবার (২৮ সেপ্টেম্বর) রণবীরের জন্মদিন উপলক্ষে স্ত্রী আলিয়া ভাটের ভালোবাসামাখা শুভেচ্ছা নতুন করে আলোচনায় এনেছে এই ‘রণলিয়া’ জুটিকে।
বর্তমানে দুজনই ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রচারে। পিরিয়ড ড্রামা ঘরানার এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। কাজের ব্যস্ততার মধ্যেও রণবীরের বিশেষ দিনটি নিজেদের মতো করে উদযাপন করেছেন আলিয়া।
২০২২ সালে বিয়ের পর রণবীর-আলিয়ার সংসারে এসেছে কন্যাসন্তান রাহা। সময়ের সঙ্গে তাদের দাম্পত্যের ভালোবাসার মুহূর্তগুলোও প্রায়ই ভক্তদের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া। পোস্টের প্রথম ছবিতেই দেখা যায়, ঘরের এক কোণে থাকা আর্মচেয়ারে বসে থাকা রণবীরকে কোলে তুলে জড়িয়ে রেখেছেন আলিয়া। দুজনের চোখে-মুখে ফুটে উঠেছে ঘনিষ্ঠতা ও খুনসুটির মুহূর্ত।
ছবিতে কালো স্লিভলেস পোশাকে রণবীর এবং লাল পোশাকে আলিয়াকে দেখা যায়। একে অপরের দিকে তাকিয়ে থাকা এই তারকা জুটির ছবিটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
পোস্টের ক্যাপশনে স্বামীকে আদুরে ভঙ্গিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।
অভিনয়ের ব্যস্ততায় বর্তমানে রণবীরও বেশ ব্যস্ত সময় পার করছেন। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি প্রায় চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। জন্মদিনের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।



