tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষার উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষের অগ্রগতিতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

শিক্ষার উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষের অগ্রগতিতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা এবং শিক্ষার মান বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। এ পরিকল্পনা বাস্তবায়নে তরুণ প্রজন্মের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

রোববার দুপুরে ময়মনসিংহ নগরের আকুয়া এলাকার একটি রিসোর্টে সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্রতিপাদ্যে আয়োজিত সংবর্ধনায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত ১৭ বছর বৃহত্তর ময়মনসিংহে এমন আনন্দমুখর পরিবেশ দেখা যায়নি। তাঁর দাবি, ওই সময়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও স্বচ্ছতার ঘাটতি ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ময়মনসিংহ বিভাগসহ পুরো দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নের বাংলাদেশ সম্পর্কে সচেতন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার প্রসঙ্গ

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবির বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাজকে মাদকমুক্ত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা শৃঙ্খলাবোধ নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার উদ্যোগ

অভিভাবকদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সন্তানদের সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতিও দায়িত্বশীল হতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন এবং ব্যাপক বৃক্ষরোপণের মতো উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, অতীতের অনিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানে সরকার কাজ করছে।

১০ বছরে বহরে যুক্ত হবে নতুন বিমান

৩৫টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়ে ওঠা সমালোচনার জবাবে পর্যটনমন্ত্রী বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে নতুন বিমানগুলো বহরে যুক্ত হতে অন্তত ১০ বছর সময় লাগবে। বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজগুলো একসময় অচল হয়ে পড়লে দেশের বিমান চলাচল খাত সচল রাখতে বিকল্প প্রস্তুতি প্রয়োজন।

তিনি বলেন, ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়েই নতুন বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে এ ধরনের দূরদর্শী পরিকল্পনার অভাব ছিল এবং এখনো সমালোচকেরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছেন না।

ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলকে পিছিয়ে থাকতে দেওয়া হবে না। এলাকার সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে নেত্রকোনার বিরিশিরিকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।