tanaka
প্রচ্ছদসারাদেশতাজমীন হত্যা: চালক গ্রেপ্তারের পরও অমীমাংসিত একাধিক প্রশ্ন

তাজমীন হত্যা: চালক গ্রেপ্তারের পরও অমীমাংসিত একাধিক প্রশ্ন

কুমিল্লার ১৫ বছর বয়সী জান্নাতুন তাজমীন হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে কিশোরীর ব্যবহৃত আইফোনও। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তাজমীনের ওপর যৌন নির্যাতন ও তাকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে অভিযুক্তকে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের পরও ঘটনার বেশ কিছু দিক নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় তাজমীনের বাসার দূরত্ব প্রায় আট কিলোমিটার। অথচ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সুমন প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরিয়ে লালমাই উপজেলার একটি নির্জন ধানখেতে নিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে। দীর্ঘ এই যাত্রাপথে কী ঘটেছিল, অটোরিকশায় অন্য কেউ ছিলেন কি না এবং কিশোরী বিপদের মুখে পড়েও কেন সাহায্য চাইতে পারেনি—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। তিনি জানান, তাজমীন হত্যায় সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

আট কিলোমিটারের বদলে ৩০ কিলোমিটার পথ

পুলিশের বর্ণনা অনুযায়ী, গত বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরে তাজমীন। রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজার এলাকার নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে একটি দোকানে মোবাইল ফোন চার্জ দেয় সে। এরপর রাত সোয়া ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গিয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজছিল। রাত সাড়ে ১২টার দিকে সুমনের অটোরিকশায় ওঠে কিশোরী। ভাড়া নিয়ে আলোচনার পর ৩০০ টাকায় তাকে বাড়ি পৌঁছে দিতে রাজি হন চালক।

কিন্তু বাড়ির দিকে না গিয়ে সুমন অন্য পথে অটোরিকশা চালাতে থাকেন বলে পুলিশের তদন্তে বলা হয়েছে। প্রথমে তিনি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজারের দিকে যান। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ধরে লালমাইয়ের ভোরাজগৎপুর এলাকায় পৌঁছান। পুরো পথের দূরত্ব অন্তত ৩০ কিলোমিটার।

পুলিশের হিসাবে, স্বাভাবিকভাবে পদুয়ার বাজার থেকে তাজমীনের বাসায় যেতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগার কথা। অথচ তাকে দেড় থেকে দুই ঘণ্টা ঘুরিয়ে ঘটনাস্থলে নেওয়া হয়। সংবাদ সম্মেলনে পঙ্কজ বড়ুয়া বলেন, চলন্ত অটোরিকশায় তাজমীন কোনো ‘প্রতিক্রিয়া’ দেখায়নি বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন সুমন।

তবে এত দীর্ঘ পথ ঘুরিয়ে নেওয়ার সময় কিশোরী পরিস্থিতি বুঝতে পেরেছিল কি না, কোনো পর্যায়ে সাহায্য চাওয়ার সুযোগ পেয়েছিল কি না কিংবা যাত্রাপথে অন্য কেউ যুক্ত ছিল কি না—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সংশ্লিষ্ট দুটি আঞ্চলিক মহাসড়কে রাতেও যানবাহন চলাচল করে এবং কিছু এলাকায় মানুষের উপস্থিতি থাকে।

ধানখেত থেকে উদ্ধার মরদেহ

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়ার একটি ধানখেত থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা ছিল। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যায়। গাড়ির ভেতরে ছিল কাপড়চোপড়, পাশে পড়ে ছিল একটি হাতব্যাগ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন দাবি করেছেন, নির্জন স্থানে পৌঁছানোর পর তাজমীন পালানোর চেষ্টা করলে তাকে বাধা দিতে ধস্তাধস্তি হয়। এরপর কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন তিনি। পরে ধানখেতে নিয়ে মুখ মাটির দিকে রেখে পা দিয়ে মাথা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের দাবি।

তবে যৌন নির্যাতনের অভিযোগ চূড়ান্তভাবে নিশ্চিত করতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতন হত্যার আগে, নাকি পরে ঘটেছে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাবাকে পাঠানো লাইভ লোকেশন ঘিরে প্রশ্ন

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টা ৫৮ মিনিটে তাজমীন তার বাবার মোবাইল ফোনে নিজের লাইভ লোকেশন পাঠিয়েছিল। সে সময় ঘুমিয়ে থাকায় বাবা তাৎক্ষণিকভাবে বার্তাটি দেখতে পাননি। ভোরের দিকে লোকেশনটি দেখে মেয়েকে খুঁজতে বের হন তিনি। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করছিল। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন বাবা।

কেন এবং কী পরিস্থিতিতে তাজমীন লাইভ লোকেশন পাঠিয়েছিল, তখন সে বিপদের আশঙ্কা করছিল কি না কিংবা লোকেশন পাঠানোর পর কী ঘটেছিল—সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর পাওয়া যায়নি। তবে পুলিশের বর্ণনা থেকে বোঝা যায়, ওই সময় পর্যন্ত ফোনটি তার কাছে ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, তাজমীন ঘটনাস্থলে যাওয়ার আগে বা সেখানে পৌঁছে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

সিসিটিভি ফুটেজে অটোরিকশায় তাজমীন

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে অটোরিকশায় বসা অবস্থায় তাজমীনকে দেখা গেছে। ফুটেজে তাকে পেছনের বাঁ পাশে বসে থাকতে দেখা যায়। অটোরিকশায় চালক ছাড়া অন্য কেউ ছিলেন কি না, সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা সে প্রশ্ন তোলেন। পুলিশ জানায়, এখন পর্যন্ত সুমন ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

তবে চালক কীভাবে এতটা পথ ঘুরিয়ে কিশোরীকে নির্জন স্থানে নিয়ে গেলেন এবং যাত্রাপথে কোনো সহায়তাকারী ছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

চার দিন কোথায় ছিল তাজমীন?

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বান্ধবীর কাছে যাওয়ার কথা বলে গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়েছিল তাজমীন। পরে তার ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে যাওয়ার তথ্য পায় পুলিশ। বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে আইকনিক এক্সপ্রেসের বাসে কুমিল্লায় ফেরে সে।

তবে ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সে কোথায় ছিল, কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেছে এবং এ সময়ে কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওই চার দিনে তাজমীনের পরিবার থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।

ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছিলেন, তাজমীন বুধবার রাতে বাড়ি ফিরবে বলে ওই দিন বিকেলে পরিবারের সদস্যদের জানিয়েছিল।

হত্যার পর আইফোন নিয়ে চট্টগ্রামে যান সুমন

পুলিশের দাবি, হত্যার পর সুমন অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে তাজমীনের আইফোন নিয়ে চলে যান। পরে কচিকাটা মসজিদের কাছে একটি পুকুরে গোসল করেন। এরপর অন্য একটি অটোরিকশায় বাখরাবাদ এলাকায় গিয়ে পুকুরপাড়ের ঝোপঝাড়ে ফোনটি লুকিয়ে রাখেন। সেখান থেকে তিনি চট্টগ্রামে চলে যান।

গত শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বাখরাবাদ এলাকা থেকে তাজমীনের আইফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফোনটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছে পুলিশ।

তদন্তের অগ্রগতি সম্পর্কে পঙ্কজ বড়ুয়া বলেন, মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা, তাজমীনের শেষ যাত্রাপথে কী ঘটেছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।