সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতরা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের পরিচয় জানা গেছে।
নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম। অন্যদিকে, নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।
রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরে হামলার ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
এদিকে, হামলায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন।



